আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে করতে গণতন্ত্রী পার্টির আবেদন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করতে আবেদন জানিয়েছে গণতন্ত্রী পার্টি। আজ শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দলটি জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার আবেদন জানিয়েছে। নৌকা প্রতীকে নির্বাচন করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি জমা দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
এ সময় তিনি বলেন, ‘আমরা আজকে এখানে কাগজপত্র জমা দিতে এসেছি।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, যারা জোটগতভাবে নির্বাচন করতে চায় তাদের তিনদিনের মধ্যে আবেদন করতে হবে। আমরা একটা আবেদন পত্র নিয়ে এসেছি মাননীয় সচিব মহোদয়ের কাছে ,আরেকটা আবেদন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং সকল নির্বাচন কমিশনারের কাছে।’
তিনি আরো বলেন, ‘আমরা জোটগতভাবে ১৪ দলের শরীক হিসেবে কাজ করে আসছি দীর্ঘদিন যাবত। ২০০৪ সালে ২৩ দফা কর্মসূচির ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল।
তখন থেকেই আমরা কার্যক্রম চালিয়ে আসছি। এখন আবেদন করেছি ১৪ দলের শরীক হয়ে নৌকা প্রতীকে জোটবদ্ধ হয়ে আমরা নির্বাচন করব।
গণতন্ত্রী পার্টির চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জোটভুক্ত দলসমূহ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে কি প্রতীক ব্যবহার করবে সে বিষয়ে তফসিল ঘোষণার ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদনের কথা বলা হয়েছে। গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল।
গণতন্ত্রী পার্টি হতে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরীক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক- নৌকা ব্যাবহার করতে ইচ্ছুক।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
