খারজান উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

২৪ এপ্রিল ২০২৩, ৪:১২

বুলবুল আহম্মেদ: আগের রাত থেকে নাচ-গান, হৈ-হুল্লোড় আর আনন্দ-উল্লাসের পর সোমবার ২৪ এপ্রিল নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খারজান উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের এই পুনর্মিলনীতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে যোগ দিয়েছিলেন প্রায় ৫ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনীর উদ্বোধন করা হয়। সাদা টি-শার্ট পরে অতিথিবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এরপর সকাল সাড়ে ১১টায় মূল মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও খারজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হায়দার আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং গনপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল, প্রধান আলোচনা ও উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন খারজান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আরমান আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের কর্মচারী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম মিষ্টার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খারজান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভার কাজ শুরু হয়। পরে অতিথিবৃন্দ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।