নকলায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: ৩০ হাজার টাকা জরিমানা

১৩ জুন ২০২৩, ১:০৪

আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা :অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে শেরপুরের নকলায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১২ জুন) বিকেলে উপজেলার টালকি ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বার্লি, সুজিসহ বিপুল পরিমান শিশু খাদ্য জব্দ করা হয়।

এসময় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মো: আব্দুর রশিদ সুইটকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও জেলার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়াই ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানার মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।