পলিথিনমুক্ত বাজারকে পুরস্কৃত করার ঘোষণা পরিবেশ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে। পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপনন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে।
আজ রবিবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে ব্যবসায়ী মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত সচিব (পদূনি) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ প্রমূখ।
সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ীরা এ উদ্যোগে অংশীদার হোক।’ এই কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন এবং পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের উৎস বন্ধে পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন পরামর্শ দেন।
