ম্যানচেস্টারের উৎসবের রং লাল
খেলা ডেস্ক: ম্যানচেস্টারের উৎসবের রং লাল। প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলির ফাইনালে রেড ডেভিলরা ২-১ গোলে হারিয়েছে সিটিজেনদের। এফএ কাপ জেতায় আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিটও পেল এরিক টেন হাগের দল।
প্রথমার্ধে ৯ মিনিটের ব্যবধানে ম্যানইউর হয়ে গোল দুটি করেছেন আলেহান্দ্রো গারনাচো ও কোবি মাইনো। খেলার ৩০ মিনিটে লম্বা গারনাচো এগিয়ে নেওয়ার পর ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন মাইনু। এরপর কোনো দলই আর পারছিল না গোল দিতে। অবশেষে খেলার একেবারে শেষ বেলায় একটি গোল শোধ দেয় প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটি।
৮৭ মিনিটে ফিল ফোডেনের অ্যাসিস্টে সিটিজেনদের হয়ে লক্ষ্যভেদ করেছেন জেরেমি ডোকু। তার ওই গোল শুধু হারের ব্যবধান কমিয়েছে পেপ গার্দিওলার দলের। আরেকটা দুর্দান্ত মৌসুমের শেষটা শিরোপায় রাঙাতে পারল না সিটিজেনরা। অথচ ওয়েম্বলিতে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ম্যানসিটিই।
সিটিজেনদের ১৯ শটের বিপরীতে রেড ডেভিলরা শট নিয়েছিল ১১টি। এর মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। অন্যদিকে ম্যানসিটি লক্ষ্যে শট নিয়েছিল চারটি। বল দখলে অবশ্য সিটিজেনদের (৭৪ শতাংশ) বিস্তর পিছিয়ে ছিল রেড ডেভিলরা (২৬ শতাংশ)। তবু দিন শেষে শিরোপার হাসি হেসেছে রেড ডেভিলরা।
লক্ষ্যে নেওয়া চার শটের দুটি জালে জড়িয়ে মৌসুমটা শেষ পর্যন্ত শিরোপা উৎসব করে শেষ করল এরিক টেন হাগের দল। সিটির টানা দ্বিতীয় লিগ এবং কাপ ডাবল জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে ২০১৬ সালের পর প্রথম ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের শিরোপা জিতল ম্যানইউ।
এর পরও চাকরিটা বাঁচবে তো রেড ডেভিল কোচ এরিক টেন হাগের! ২০১৬ সালে ম্যানইউকে এফএ কাপের শিরোপা এনে দেওয়ার দুই দিন পর ওল্ড ট্র্যাফোর্ডের চাকির হারিয়েছিলেন লুই ফন হাল। টেন হাগের একই পরিণতি হয় কি না, এটাই এখন দেখার বিষয়। ইএসপিএন
