রাজধানীর সব থানা-ওয়ার্ডে মিছিল নিয়ে পাহারায় আ.লীগ
নিজস্ব প্রতিবেদক:
আজ ও আগামীকাল দুদিন রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল নিয়ে সতর্ক পাহারায় থাকছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা-ওয়ার্ডে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা রয়েছে সহযোগী সংগঠনগুলোতেও।
এছাড়া পাড়া-মহল্লাসহ মোড়ে মোড়ে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। সতর্ক অবস্থান ও নজরদারি থাকবে রাজধানীর প্রবেশপথগুলোতেও। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও শোডাউন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিছিল-সমাবেশের পাশাপাশি সতর্ক পাহারায় থাকবে ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।
আওয়ামী লীগের আশঙ্কা, কর্মসূচি ঘিরে বিএনপি রাজধানীজুড়ে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করতে পারে। ফলে তা মোকাবিলায় ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের সতর্ক হয়ে আগে থেকেই মাঠে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ ও আগামীকাল দুদিন নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একইসঙ্গে ২৮ অক্টোবরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট কর্তৃক আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। এতে ১০ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
