শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

১১ মে ২০২৩, ৯:১৫

মোহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া গ্রামে বজ্রপাতে অন্তর নামে ৯ম নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১১ মে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার একমাত্র ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী।

নিহতের পরিবার ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে আকস্মীকভাবে প্রচন্ড ঝড় সহ শিলাবৃষ্টি শুরু হয়। এসময় অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজা বিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় ওই ঘরের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অন্তর মারাত্মক ভাবে আহত হয়।

অন্তরের পরিবার তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্তরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে উপচেপড়া ভীড় জমছে।