শেরপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার||সত্যবয়ান

১৯ এপ্রিল ২০২২, ১:৫৯

স্টাফ রিপোর্টার ||র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১৮ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নয়ন মিয়া (২২) শ্রীবরদী উপজেলার সীমান্তঘেষা চান্দাপাড়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার মেঘাদল চৌরাস্তা বাজারস্থ (শয়তান বাজার) এম.এম.এম হোটেল সম্মুখ পাঁকা সড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. নয়ন মিয়াকে আটক করে। পরে তার কাছে রক্ষিত ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৭ হাজার টাকা।

এঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নয়ন মিয়া আমদানী নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নয়ন মিয়াকে শ্রীবরদী থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।