শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন ৪ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে হৃদয় শীল (৩০) নামে এক মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত হৃদয় শীল শেরপুর পৌরসভার মাধবপুর মহল্লার জনৈক হারান চন্দ্র শীলের ছেলে।
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শেরপুর পৌরসভার চাঁপাতলী মহল্লায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় হৃদয় শীল গাঁজা সেবন কালে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ ঘটনাস্থল গিয়ে ধৃত হৃদয় শীলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং সেই সাথে ১শত টাকা অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত হৃদয় শীলকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
