শেরপুর পৌর স্যানিটারী ল্যান্ড ফিলের শুভ উদ্বোধন করলেন মেয়র লিটন||সত্যবয়ান

২০ জুলাই ২০২২, ৩:২২

বুলবুল আহম্মেদ||তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (UGIIP -III) সেক্টর প্রকল্পের অর্থায়নে নবনির্মিত শেরপুর পৌর স্যানিটারী ল্যান্ড ফিল এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই বুধবার সকালে অষ্টমীতলাস্থ নির্মাণাধিন পৌর বাস টার্মিনালের বিপরীতে এর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাছিরুল আলম নাহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র -১ মো. নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবু লায়েস বজলুল করীম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী নূর-ই আলম চঞ্চল।

এসময় পৌর মেয়র লিটন বলেন, শেরপুর শহরের অষ্টমীতলা মৃগি নদীর পাড়ে ২.৭৬ একর জমিতে এ বর্জ্য অপসারণ কেন্দ্রটি স্পাপন করতে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা। টএওওচ প্রকল্প দেশের ৩৫টি পৌরসভায় এ বর্জ্য অপসারণ কেন্দ্রটি চালু হয়েছে। এরই অংশ হিসেবে আমাদের এ প্রকল্পটি উদ্বোধন করা হলো। ধ্রব ট্রেড এজেন্সি এ প্রকল্পটি নির্মাণ করেছে।

তিনি আরও বলেন, এ প্রকল্পটি চালু হলেও আমাদের জনবল ও বর্জ্য ফেলার গাড়ির স্বল্পতা রয়েছে। অচিরেই তা সমাধান করা হবে। ভবিষ্যতে এ প্রকল্প থেকে গ্যাস ও বিদ্যুতের মতো জ্বালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে যা দিয়ে পৌরসভার রাজস্ব আয় বদ্ধি হবে।