শেরপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন হুইপ আতিক
স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান উৎপল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে হুইপ আতিক সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন তিনি যেন নির্বাচিত হয়ে তার গুরু দায়িত্ব পালন করতে পারেন এবং আমি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেরপুর-১ আসনটি উপহার দিতে পারি। সেই সাথে শেরপুরের উন্নয়ন যাতে অব্যাহত থাকে এবং সাধারণ ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ।
