শ্রীবরদীতে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার||সত্যবয়ান
স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ এপ্রিল শনিবার ভোরে সিংগাবরুণা ইউনিয়নের সীমান্তঘেষা মেঘাদল চৌরাস্তা বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আঃ মমিন (৩০) শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামের মৃত আঃ ছালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইয়েদুল, সহকারি উপ-পরিদর্শক (এ এসআই) মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোর ৪টার দিকে মেঘাদল বাজারে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঃ মমিনকে আটক করে। পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আঃ মমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আঃ মমিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
