শ্রীবরদীতে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগ যুবক গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০২৩, ৭:৪১

শ্রীবরদী সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ মো. ইউসুফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ নভেম্বর (শুক্রবার) রাতে চকবন্দি এলাকা থেকে মো. ইউসুফকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ। মো. ইউসুফ চকবন্দী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় ওই ভূক্তভোগীর মা বাদী হয়ে মো. ইউসুফকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো ০২জনকে আসামী করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফী আইনে মামলা করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদরাসার শিক্ষার্থীকে মো. ইউসুফ কিছুদিন যাবত উত্যক্ত ও কু প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের লোভ লালসা ও প্রলোভন দেখিয়ে প্রেমের সম্র্পক গড়ে তোলে। পরে ওই শিক্ষার্থীকে কৌশলে ও ফুসলিয়ে ইউসুফের বাড়িতে নিয়ে ধর্ষণ ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। ইউসুফ ওই শিক্ষার্থীকে পুনরায় ধর্ষণের প্রস্তাব দিলে বিষয়টি তার মাকে জানান। পরে ক্ষিপ্ত হয়ে আসামী ইউসুফ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ভূক্তভোগীর মা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও উক্ত ধর্ষনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাই। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামী মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করে ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।