স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ঢাকায় কর্মরত ‘বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সৌজন্য সাক্ষাৎ

৪ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১১

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ঢাকায় কর্মরত ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ফাও, বিমসটেক, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইডেন,অষ্ট্রেলিয়া, চীন ও ভারতের মিশন প্রধানগণের স্পাউজরা সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদের গঠন শৈলী ও জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, ‘জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সম্পন্ন স্থাপনা। বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এই ভবনের মূল স্থপতি।

সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দল সরকার গঠন করেছে এবং দ্বাদশ সংসদের কার্যক্রম সবেমাত্র শুরু হয়েছে। প্রতিবছর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করেন।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সংগঠন ফোসা একটি অন্যান্য সংগঠন।

এই সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে।’ এ সময় জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের ধন্যবাদ জানান তিনি।

এরপূর্বে বিদেশি মিশন প্রধানগণের স্পাউজরা সংসদের গোল চত্ত্বর, লাইব্রেরি, অধিবেশন কক্ষ এবং নর্থ প্লাজা ঘুরে দেখেন। এসময় তারা সংসদের গঠন শৈলীর প্রশংসা করেন।