স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

৩১ আগস্ট ২০২৫, ১২:৩২

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর গুলশানে নিজ বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তিনি বাসায় ফেরেন। এর আগে রাত ৮টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়া হাসপাতাল থেকে গতকাল রাত ১১টায় বাসার উদ্দেশে রওনা করে ১১টা ৪৩ মিনিটে পৌঁছেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাঁর বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন। হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।