১০ ডিসেম্বর আ. লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি

৫ ডিসেম্বর ২০২৩, ৫:৩০

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করতে তাঁরা নির্বাচন কমিশনের অনুমতি পাননি। উন্মুক্ত জায়গায় সমাবেশের অনুমতি না পাওয়ায় এখন ঘরোয়াভাবে সমাবেশ করবে দলটি।

মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে চেয়েছিল আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন কমিশন গ্রহণ করেনি। সমাবেশ হলে শোডাউন হওয়ার আশঙ্কা করছে ইসি। অনুমতি না পাওয়ায় এখন অভ্যন্তরীণভাবে মানবাধিকার দিবসের সমাবেশ করা হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না। এ দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয়, জটিল। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতো অপশক্তি গণতন্ত্রকে সমর্থন করে না। যারা নির্বাচন বয়কট করছে, অবরোধ ও হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়।